খেলা

বিশ্বকাপ খেলে ফেরার কিছুদিন পরই মারা গেলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম

বিশ্বকাপ খেলে ফেরার কিছুদিন পরই মারা গেলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দলের তরুণ মিডফিল্ডার জেডেন অ্যাডামস আর নেই। মাত্র ২৫ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু হয়েছে। ১১ জুন দিবাগত রাতে ২০২৬ ফুটবল বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে দেশের হয়ে মাঠে নামা এই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশের ফুটবলাঙ্গনে।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই প্রথম একাদশে ছিলেন অ্যাডামস। দলটি প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে ইতিহাস গড়লেও শেষ পর্যন্ত শেষ বত্রিশে স্বাগতিক কানাডার কাছে হেরে বিদায় নেয়।

অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর গভীর শোক প্রকাশ করেছেন দেশটির ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। এক বিবৃতিতে তিনি বলেন, গভীর শোক ও বিস্ময়ের সঙ্গে তিনি এই মৃত্যুসংবাদ পেয়েছেন এবং এতে দেশ এক উজ্জ্বল প্রতিভাকে হারিয়েছে।

তিনি আরও বলেন, একজন একাডেমি খেলোয়াড় থেকে জাতীয় দলের নির্ভরযোগ্য সদস্য হয়ে ওঠার অনুপ্রেরণামূলক যাত্রা ছিল অ্যাডামসের। তার মৃত্যুতে পরিবার, সতীর্থ ও লাখো সমর্থকের মতো পুরো দেশ শোকাহত।

মন্ত্রী জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত জানাবে।

২০২২ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই মিডফিল্ডারের মৃত্যুতে শোক জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ফুটবলারদের সংগঠনও। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে অ্যাডামস গর্ব, সাহস ও নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার অকাল মৃত্যু দেশের ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের আগে নিজের দাদির মৃত্যুসংবাদ পেয়েও দলের জন্য মাঠে নেমেছিলেন অ্যাডামস, যা তার দায়িত্ববোধ ও মানসিক দৃঢ়তার প্রমাণ বহন করে।

ক্লাব ক্যারিয়ারে স্টেলেনবস ফুটবল ক্লাব দিয়ে যাত্রা শুরু করেন তিনি। ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন মামেলোদি সানডাউনস ক্লাবে। সেখানে লিগ শিরোপা ও আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পান। এছাড়া ২০২৪ আফ্রিকা কাপ অব নেশনসে সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা দলের সদস্য ছিলেন এই মিডফিল্ডার।

তার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।