খেলা

যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম

যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সির বদলে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। অতীতের সাফল্যের কারণে এই জার্সিকে অনেকেই দলের জন্য ‘সৌভাগ্যের প্রতীক’ হিসেবে দেখছেন।

খেলাধুলায় বিভিন্ন দল ও খেলোয়াড়ের মধ্যে কুসংস্কার বা বিশেষ বিশ্বাস কাজ করে, যা তাদের মানসিকভাবে শক্তিশালী থাকতে সহায়তা করে। আর্জেন্টিনার ক্ষেত্রেও ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি বেছে নেওয়ার পেছনে এমন বিশ্বাসের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা এর আগে দুইবার গাঢ় নীল জার্সি পরে মাঠে নেমে দুবারই জয় পেয়েছে। তবে ২০০২ সালের বিশ্বকাপে ঐতিহ্যবাহী জার্সি পরে খেলতে নেমে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল তাদের।

২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে। অন্যদিকে ইংল্যান্ড চাইছে অতীতের সেই পরাজয়ের ধারা ভেঙে সেমিফাইনালে জয় তুলে নিতে।

১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে প্রথমবারের মতো নীল জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে খেলে আর্জেন্টিনা। সে ম্যাচে ২-১ গোলের জয় পায় তারা। ওই ম্যাচেই দিয়েগো ম্যারাডোনার করা ‘হ্যান্ড অব গড’ গোল ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে।

পরে ১৯৯৮ সালের বিশ্বকাপের শেষ ষোলোতে আবারও নীল জার্সি পরে ইংল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ২-২ গোলের ড্র হলেও টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে দলটি।

এদিকে সেমিফাইনালে জার্সি নির্বাচনের ক্ষেত্রেও রয়েছে নিয়ম। আগে নিশ্চিত হওয়ায় ইংল্যান্ড ‘টিম এ’ হিসেবে নিজেদের জার্সি বেছে নেওয়ার সুযোগ পায়। তারা সাদা জার্সি বেছে নেওয়ায় ‘টিম বি’ আর্জেন্টিনাকে অ্যাওয়ে জার্সি, অর্থাৎ নীল জার্সি পরতে হচ্ছে।

ফিফার নিয়ম অনুযায়ী, দুই দলের জার্সি এমন হতে হয় যাতে মাঠে ও সম্প্রচারে সহজে পার্থক্য বোঝা যায়। বিশেষ করে বর্ণান্ধ দর্শকদের বিষয়টিও বিবেচনায় রাখা হয়। এ জন্য বিশেষ প্রযুক্তিও ব্যবহার করা হয়।

সব মিলিয়ে কুসংস্কার, অতীতের সাফল্য এবং নিয়ম- এই তিন কারণ মিলেই ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার নীল জার্সি পরার সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে।