খেলা
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দেওয়ার দাবিতে ৯২ লাখ স্বাক্ষর, বিতর্কে ফিফা
ফিফা বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবিতে করা একটি অনলাইন পিটিশনে ৯২ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আয়োজকদের অভিযোগ, ফিফা ও ম্যাচ পরিচালনাকারী রেফারিরা আর্জেন্টিনা এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির পক্ষে পক্ষপাতিত্ব করছেন।
‘আর্জেন্টিনা আউট ডটকম’ নামের একটি ওয়েবসাইটে এই গণস্বাক্ষর কর্মসূচি চালু করা হয়। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্বাক্ষরকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
পিটিশনে উল্লেখ করা হয়, ‘ফিফা ও রেফারিদের আচরণে স্পষ্ট পক্ষপাত দেখা যাচ্ছে। যদি আগেই নির্ধারিত থাকে কে জিতবে, তাহলে অন্য দলগুলোর অংশগ্রহণের প্রয়োজন কী? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে সরিয়ে অন্যদের ন্যায্য সুযোগ দেওয়া হোক।’
এক সপ্তাহ আগে মিসরের বিপক্ষে নাটকীয় এক জয়ের পর থেকেই আর্জেন্টিনার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জোরালো হয়। ওই ম্যাচে ভিএআর পর্যালোচনার মাধ্যমে মিসরের একটি গোল বাতিল করা হলেও, শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়সূচক গোল বহাল রাখা হয়—যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
মিসরের দাবি, তাদের গোল বাতিলের পাশাপাশি জয়সূচক গোলের ক্ষেত্রেও ভিএআর পর্যালোচনা করা উচিত ছিল। একইসঙ্গে পেনাল্টির বিষয়েও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন ছিল বলে তারা মনে করে।
ম্যাচ শেষে মিসরের কোচ হোসাম হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ম্যাচটি ছিল পক্ষপাতদুষ্ট এবং পূর্বনির্ধারিত। তার অভিযোগ, ফিফা মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতে চায় এবং ফেয়ার প্লের কথা বললেও মাঠে তার প্রতিফলন দেখা যায়নি।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ভিএআর প্রযুক্তির যুগে কোনো দলের প্রতি পক্ষপাত করা প্রায় অসম্ভব। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম অনেক সময় বিষয়গুলো অতিরঞ্জিত করে তুলে ধরে।
উল্লেখ্য, টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচে জয়ী দল ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।