খেলা

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ম্যাচ শেষে উদযাপনের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং বেঞ্চে থাকা জিওভানি লো চেলসো একটি ব্যানার তুলে ধরেন। এতে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’, যার অর্থ ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’।

ফিফার মতে, এই ধরনের বার্তা স্টেডিয়ামের আচরণবিধির পরিপন্থী। কারণ, খেলাধুলার পরিবেশে রাজনৈতিক, আদর্শিক বা আপত্তিকর বার্তা প্রদর্শন নিষিদ্ধ। বৃহস্পতিবার ফিফা জানায়, তাদের স্বাধীন শৃঙ্খলা কমিটি ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করছে এবং পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ফিফার এক মুখপাত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, শৃঙ্খলা কমিটি বিষয়টি মূল্যায়ন করছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে খেলোয়াড় বা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সাধারণত এ ধরনের ঘটনায় ৫ হাজার থেকে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে।

এদিকে, এই ঘটনা ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। ব্রিটেনের ব্যবসামন্ত্রী পিটার কাইল বিষয়টিকে ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে তদন্তের আহ্বান জানিয়েছেন। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দ্বীপবাসীদেরই এবং এ বিষয়ে ব্রিটেনের অবস্থান অপরিবর্তিত।

১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের স্মৃতিও নতুন করে সামনে এসেছে এই ঘটনায়। ওই যুদ্ধে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে সংঘর্ষে শতাধিক প্রাণহানি ঘটে এবং শেষ পর্যন্ত দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ফিরে পায় ব্রিটেন।

অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই খেলোয়াড়দের এই পদক্ষেপকে ‘বৈধ’ বলে মন্তব্য করেছেন। তার মতে, এটি আর্জেন্টাইন জনগণের অনুভূতির প্রতিফলন। তবে তিনি স্বীকার করেছেন, এ কারণে ফিফা জরিমানা করতে পারে।

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়্যারুয়েলের মন্তব্যেও উত্তেজনা ছড়ায়। তিনি ইংলিশদের ‘দখলদার জলদস্যু’ বলে আখ্যা দিয়েছিলেন।

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনালে রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।