খেলা
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল দেখতে বাংলাদেশে এসেছেন দুই আর্জেন্টাইন নাগরিক
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে বাংলাদেশজুড়ে যখন ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে, তখন সেই আবেগ ভাগ করে নিতে সুদূর থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন দুই আর্জেন্টাইন নাগরিক। ফার্নান্দা ও জনাথান নামের এই দুই সমর্থক রোববার (১৯ জুলাই) রাত ১টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বাংলাদেশি সমর্থকদের সঙ্গে উপভোগ করবেন।
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর সোনিয়া মুন্নি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফার্নান্দা ও জনাথান প্রায় এক মাস ধরে থাইল্যান্ডে ভ্রমণ করছিলেন। সেমিফাইনালে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর তারা সিদ্ধান্ত নেন, ফাইনাল ম্যাচটি বাংলাদেশে এসে সমর্থকদের সঙ্গে দেখবেন।
তখন তারা থাইল্যান্ডের চিয়াংমাই শহরে অবস্থান করছিলেন। সেখান থেকে ব্যাংককে গিয়ে বাংলাদেশ দূতাবাস থেকে দ্রুত ভিসা সংগ্রহ করেন তারা। ভিসা নেওয়ার সময় বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসের একটি ভিডিও দেখিয়ে তারা জানতে চান, ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে। পরে জানা যায়, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা।
দূতাবাস সূত্রে জানা গেছে, ফার্নান্দা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে স্প্যানিশ ভাষায় লিখেছেন—“যখন আপনার সবচেয়ে কাছের আর্জেন্টাইন অনুভূতিটাই হয়ে ওঠে বাংলাদেশ।”
এ বিষয়ে সোনিয়া মুন্নি বলেন, বিশ্বকাপ ফাইনালের মতো আনন্দঘন সময়ে নিজ দেশ থেকে অনেক দূরে থেকেও বাংলাদেশের মানুষের আর্জেন্টিনাপ্রীতি দেখে তাদের কাছে বাংলাদেশ যেন আর্জেন্টিনারই অংশ হয়ে উঠেছে।
তিনি আরও উল্লেখ করেন, কেবল ক্রীড়া নয়, মানুষের আবেগই ভৌগোলিক দূরত্ব পেরিয়ে দুই দেশের জনগণকে এক সুতোয় বেঁধে রাখতে পারে।
আগামী রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে হাজারো বাংলাদেশি সমর্থকের সঙ্গে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজ দেশের পক্ষে সমর্থন জানাবেন ফার্নান্দা ও জনাথান। ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের এই আবেগপূর্ণ বন্ধন দুই দেশের সম্পর্কের এক অনন্য উদাহরণ হয়ে থাকছে।