খেলা

সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম

সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের হারে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর দিনই আবেগঘন বার্তা দিয়েছেন দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পল।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম-এ দেওয়া এক পোস্টে তিনি আর্জেন্টিনার সমালোচকদের কঠোর ভাষায় আক্রমণ করেন। ডি পল লিখেছেন, পুরো বিশ্বকাপজুড়ে অনেকেই তাদের ব্যর্থতা দেখার অপেক্ষায় ছিল এবং ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়ে নিজেদের হতাশা লাঘব করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনার সাফল্য ও আনন্দ অনেকের সহ্য হয়নি। তবে এসব সমালোচনাই প্রমাণ করে, দেশের জার্সির প্রতি ভালোবাসা ও আবেগই দলকে শক্তি জোগায় এবং সব বাধা অতিক্রম করার প্রেরণা দেয়।

পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনাকে রেফারিদের পক্ষপাতিত্ব পাওয়ার অভিযোগসহ খেলার ধরন ও উদযাপন নিয়ে নানা সমালোচনা শোনা গেছে। ডি পলের এই বার্তাকে অনেকেই আন্তর্জাতিক গণমাধ্যম ও সাবেক-বর্তমান ফুটবলারদের উদ্দেশে দেওয়া জবাব হিসেবে দেখছেন।

ফাইনাল হারার বেদনার কথাও তুলে ধরেছেন এই মিডফিল্ডার। তিনি জানান, সবচেয়ে বড় কষ্ট হলো বিশ্বকাপ আবার দেশে ফিরিয়ে নিতে না পারা। তবে সমর্থকদের অটুট সমর্থনই এই কঠিন সময় পার করার শক্তি দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষ দিকে ডি পল লিখেছেন, এই কষ্ট দীর্ঘদিন থাকবে, কিন্তু এর মধ্যেও তিনি আর্জেন্টাইন হতে পেরে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত।