খেলা
ভিন্ন রূপে ভিনিসিউস, বিশ্বকাপের পর চিবুকে অস্ত্রোপচারে বদলে গেছে চেহারা
২০২৬ বিশ্বকাপ শেষ হতেই নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র। চিবুকের গঠন আরও আকর্ষণীয় ও ভারসাম্যপূর্ণ করতে তিনি কসমেটিক অস্ত্রোপচারের শরণাপন্ন হয়েছেন, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিশ্ব ফুটবলের পরিচিত মুখ ভিনিসিউসকে নতুন লুকে দেখে অনেকেই প্রথমে চিনতেই পারছেন না। বিশ্বকাপ শেষ হওয়ার পর চিবুকের আকৃতি পরিবর্তনের লক্ষ্যে তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামের একটি প্রক্রিয়া সম্পন্ন করেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম টিএমসি জানায়, ব্রাজিলের গোইয়ানিয়ায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার করা হয়। এই প্রক্রিয়ায় বিশেষ ধরনের ফিলার ব্যবহার করে মুখের নিচের অংশ, বিশেষ করে চিবুককে আরও সুস্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে তার চিবুকের গঠন নিয়ে নানা আলোচনা ও সমালোচনার জেরে এমন সিদ্ধান্ত নেন এই তারকা ফুটবলার।
অস্ত্রোপচারের পর প্রকাশিত ছবিগুলো দেখে ভক্তদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। নতুন চেহারায় তাকে আগের তুলনায় বেশ ভিন্ন দেখাচ্ছে বলে মন্তব্য করছেন অনেকেই।
এদিকে, ভিনিসিউসের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ছবিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের আগে বিচ্ছেদের খবর এলেও, সাম্প্রতিক ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক আবার জোড়া লাগছে—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে।
এছাড়া তার ঘনিষ্ঠ বন্ধু দানিলো নসিমেন্তোর পোস্ট করা একটি ছবিতে রিয়াল মাদ্রিদের জার্সিতে স্বাক্ষর দিতে দেখা যায় ভিনিসিউসকে। পাশ থেকে তোলা সেই ছবিতে তার নতুন চিবুকের গঠন স্পষ্টভাবে ধরা পড়ে।
যদিও এ বিষয়ে ভিনিসিউস জুনিয়র এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে তার বদলে যাওয়া লুক ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।