খেলা

লিওনেল মেসিকেই বিশ্বকাপের সেরা ঘোষণা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম

লিওনেল মেসিকেই বিশ্বকাপের সেরা ঘোষণা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচের ফলাফলে হতাশা থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফিফার গোল্ডেন বলের প্রতিযোগিতায় এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত পুরস্কারটি উঠে স্পেন অধিনায়ক রদ্রির হাতে, যা নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা যায়।

তবে সেই বিতর্কের মধ্যেই ভিন্ন মূল্যায়ন সামনে এনেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস)। সংস্থাটি নিজেদের বিশ্লেষণে লিওনেল মেসিকেই সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে।

আইএফএফএইচএস জানিয়েছে, তাদের নিজস্ব পারফরম্যান্স সূচকের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক ডেটাভিত্তিক এই পদ্ধতিতে একজন খেলোয়াড়ের গোল, অ্যাসিস্ট, প্রতিটি ম্যাচের রেটিং এবং নকআউট পর্বে প্রভাব সবকিছু নির্দিষ্ট সমীকরণের মাধ্যমে মূল্যায়ন করা হয়। ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিস্তারিত পরিসংখ্যান বিশ্লেষণের পরেই সংস্থাটির কারিগরি প্যানেল এ সিদ্ধান্তে পৌঁছায়।

সংস্থার তথ্য অনুযায়ী, পুরো টুর্নামেন্টে আটটি ম্যাচ খেলে আটটি গোল করেন মেসি, পাশাপাশি চারটি গোলে সহায়তাও দেন। তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩, যা পুরো আসরে অন্যতম সেরা।

বিশেষ করে নকআউট পর্বে মেসির পারফরম্যান্সকে উচ্চ গুরুত্ব দিয়েছে আইএফএফএইচএস। গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য অবদান রাখা এবং কঠিন পরিস্থিতি থেকে দলকে এগিয়ে নেওয়ার সামর্থ্যই একজন খেলোয়াড়ের প্রকৃত মান নির্ধারণ করে এমন মত সংস্থাটির। সেই বিবেচনায় আর্জেন্টিনার অগ্রযাত্রায় মেসির ভূমিকা ছিল অনন্য।

আইএফএফএইচএস আরও স্পষ্ট করেছে, কোনো আবেগ বা ব্যক্তিগত পরিচিতির প্রভাব নয়, বরং সম্পূর্ণ তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতেই লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছে।