খেলা
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?
লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বে আসতে চলেছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর এতদিন দলের তৃতীয় পছন্দের অধিনায়ক ছিলেন টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার।
সতীর্থদের পাশাপাশি কোচিং স্টাফদের সমর্থনও রয়েছে রোমেরোর পক্ষে। ফলে মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তার নামই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।
দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার ড্রেসিংরুমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন রোমেরো। মাঠে আগ্রাসী মানসিকতা, সতীর্থদের সংগঠিত করার দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার স্বভাব তাকে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে।
মেসির বিদায়ের পর শুধু রক্ষণ সামলানোই নয়, দলের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ধরে রাখার দায়িত্বও থাকবে রোমেরোর ওপর। আর্জেন্টিনার রক্ষণকে শক্তিশালী করতে রোমেরোর ভূমিকার প্রশংসা করেছেন মেসিও।
তবে নতুন অধিনায়কের সামনে চ্যালেঞ্জও কম নয়। লিওনেল স্কালোনির কোচিংয়ে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এসব সাফল্যের কেন্দ্রে ছিলেন মেসি।
মেসির অনুপস্থিতিতে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই হবে নতুন নেতৃত্বের বড় পরীক্ষা। দীর্ঘ ২১ বছর জাতীয় দলের হয়ে খেলার পর মেসি সরে দাঁড়ানোয় আর্জেন্টিনা দলে প্রজন্ম পরিবর্তনের প্রক্রিয়াও আরও গতি পাবে।
এমন পরিস্থিতিতে রোমেরোর অভিজ্ঞতা ও নেতৃত্বের ক্ষমতা স্কালোনির দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, মাঠের লড়াকু মানসিকতা ও ড্রেসিংরুমে নিজের প্রভাব কাজে লাগিয়ে মেসির রেখে যাওয়া উত্তরাধিকার কতটা এগিয়ে নিতে পারেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।