খেলা

আর্সেনাল অধ্যায় শেষ, ৬ কোটি পাউন্ডে আল হিলালে মার্তিনেল্লি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম

আর্সেনাল অধ্যায় শেষ, ৬ কোটি পাউন্ডে আল হিলালে মার্তিনেল্লি
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল ছেড়ে সৌদি আরবের শীর্ষ ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২৫ বছর বয়সী এই তারকাকে দলে ভেড়াতে সবমিলিয়ে ৬ কোটি পাউন্ড খরচ করেছে সৌদি প্রো লিগের ক্লাবটি।

২০১৯ সালে সম্ভাবনাময় তরুণ হিসেবে আর্সেনালে যোগ দিয়েছিলেন মার্তিনেল্লি। লন্ডনের ক্লাবটির হয়ে দীর্ঘ সাত বছর কাটানোর পর এবার সেই অধ্যায়ের ইতি টানলেন তিনি। আর্সেনালের সঙ্গে তার চুক্তির মেয়াদ আরও এক বছর থাকলেও নতুন মৌসুমের পরিকল্পনায় তাকে রাখা হয়নি। বিষয়টি আগেই মার্তিনেল্লিকে জানিয়ে দিয়েছিলেন কোচ মিকেল আর্তেতা।

গত মৌসুমে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে মাঠে নেমে ১১ গোল করেছিলেন মার্তিনেল্লি। দীর্ঘ অপেক্ষার পর ২০০৪ সালের পর আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথচলাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তবে ভবিষ্যৎ দল পুনর্গঠনের পরিকল্পনায় আর্তেতার হিসাবের বাইরে চলে যাওয়ায় নতুন চ্যালেঞ্জের সন্ধানে সৌদি আরবের পথ বেছে নিয়েছেন মার্তিনেল্লি। তাকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে তরুণ ইউরোপীয় তারকাদের আকৃষ্ট করার পাশাপাশি সৌদি ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল রিয়াদের ক্লাব আল হিলাল।