খেলা
বিশ্বকাপের পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপান
২০২৬ বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচের কয়েক মাসের মধ্যেই আবারও মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপান। নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত চার দেশের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’-এ লড়বে দুই দল।
টুর্নামেন্টে ব্রাজিল ও জাপানের সঙ্গে অংশ নেবে প্যারাগুয়ে এবং স্বাগতিক সিঙ্গাপুর। আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর ফিফার আন্তর্জাতিক বিরতিতে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
১৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে জাপান। ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ পর্বেও মুখোমুখি হয়েছিল দল দুটি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত সেই ম্যাচে ২-১ গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির করা গোলেই নাটকীয় জয় পেয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের সেই হারের ক্ষত এখনো জাপানের মনে তাজা। তাই সিঙ্গাপুরের ম্যাচটি আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচ হলেও জাপানের জন্য বিশ্বকাপের পরাজয়ের জবাব দেওয়ার বড় সুযোগ হয়ে উঠতে পারে।
১৩ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে স্বাগতিক সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। পরদিনই মাঠে নামবে ব্রাজিল ও জাপান। ১৭ নভেম্বর টুর্নামেন্টের শেষ দিনে হবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর জাপানের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।
বিশ্বকাপের পর ব্যস্ত সূচির অংশ হিসেবেই এই টুর্নামেন্টে অংশ নেবে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে ম্যাচ দুটি হওয়ার কথা রয়েছে।
এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে মাঠে নামার কথা ব্রাজিলের। সেই ধারাবাহিকতায় নভেম্বরে সিঙ্গাপুরে আবারও জাপানের মুখোমুখি হবে তারা।