খেলা
মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, নেস্তরের ওপর ক্ষুব্ধ নেইমার
মাঠে নেমে আলোচনার জন্ম দেওয়া যেন নেইমার জুনিয়রের জন্য নতুন কিছু নয়। এবার সান্তোসের হয়ে খেলতে নেমে প্রতিপক্ষের ফুটবলারকে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখেছেন ব্রাজিলের এই তারকা। এর আগে প্রতিপক্ষের ফুটবলারের বুকে বল ছুড়ে মারায় একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি।
ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগের ম্যাচে নিজেদের মাঠ ভিলা বেলমিরোয় বাহিয়ার মুখোমুখি হয়েছিল সান্তোস। ঘটনাবহুল ম্যাচে ৩৯ মিনিটে সফরকারী দলের হয়ে গোল করেন ডিফেন্ডার লুসিয়ানো জুবা। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ে লুয়ান পেরেজ পেট্রোনির গোলে সমতায় ফেরে সান্তোস। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে নেইমারের লাল কার্ড। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা এই ফরোয়ার্ডের বিরুদ্ধে প্রতিপক্ষের ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে মুখের সামনে হাত রেখে কথা বলার অভিযোগ ওঠে। দ্বিতীয়ার্ধ শুরুর ঠিক আগে এ ঘটনা ঘটে। সে সময় ম্যাচ রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও অন্যদিকে তাকিয়ে ছিলেন।
নেস্তরের অভিযোগের পর ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় নেইমারকে লাল কার্ড দেখান প্রধান রেফারি। এ সিদ্ধান্তের কারণে আগামী বুধবার পালমেইরাসের বিপক্ষে সান্তোসের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না তিনি। এ ছাড়া তিনটি হলুদ কার্ড দেখায় পরবর্তী সোমবার ব্রাগান্তিনোর বিপক্ষেও মাঠে নামতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।
লাল কার্ডের পর প্রতিপক্ষের ফুটবলার নেস্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। মাঠ ছেড়ে যাওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তারা মজা করছিলেন এবং একে অপরের সঙ্গে হাসাহাসি করছিলেন। এ সময় নেস্তরের সঙ্গে কথা বলতে গিয়ে ভুলবশত মুখের সামনে হাত নিয়ে এসেছিলেন তিনি।
নেইমারের দাবি, তিনি কিছু বলার আগেই নেস্তর হাত তুলে অভিযোগ করেন। এ ঘটনাকে ফুটবলের সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নেস্তরের সঙ্গে বিষয়টি নিয়ে পরে কথা বলার ইঙ্গিতও দেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।