খেলা

রাতে আর্জেন্টিনাকে হারালেই ব্রাজিলের হেক্সা মিশন পূরণ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০২:৫৪ এএম

রাতে আর্জেন্টিনাকে হারালেই ব্রাজিলের হেক্সা মিশন পূরণ
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে না পারলেও ফিফা ফুটসাল বিশ্বকাপের হেক্সা শিরোপা মিশন পূর্ণ করার পথে এখনো ভালোকরেই টিকে আছে ব্রাজিল। আর মাত্র একটা জয় পেলেই ফুটসাল বিশ্বকাপের হেক্সা মিশন পূরণ হয়ে যাবে এই দলটির, তবে সেই আশা পূরণ করতে গেলে হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনাকে। ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আজ রবিবার মুখোমুখি হবে এই দুই দল।

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন এক বাড়তি উত্তেজনা। আরও একবার তেমন জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।

উজবেকিস্তানে বসেছে এবার ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট। শিরোপার লড়াইয়ে মেগা ফাইনালে আজ ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টেরও আয়োজক বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

আজ (রোববার) ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

দেখতে ফুটবলের মতোই আরেকটা খেলা ফুটসাল। তবে মাঠের দৈর্ঘ্য, বলের আকৃতিতে কিছুটা পার্থক্য আছে। দিন দিন জনপ্রিয় হচ্ছে এই খেলাও। বিশেষ করে লাতিন অঞ্চলে নিয়মিতই আয়োজন হচ্ছে এই খেলা।

ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করেছে সবার আগেই

অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‌‌‘হেক্সা মিশন’ পূর্ণ করবে সেলেসাওরা।

অনলাইনে দেখবেন যেভাবে
ম্যাচটি অনলাইনে সরাসরি দেখতে পারবেন ফুটবল ভক্তরা। বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখতে পারবেন ফিফা প্লাসে।