খেলা
পেদ্রোর সাম্বায় ব্রাজিলের ক্লাবকে হারিয়ে ফাইনালে চেলসি
ফিফার নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠেছে প্রিমিয়ার লিগের জায়ান্টরা।
ম্যাচের মূল নায়ক ছিলেন সদ্য দলে আসা ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো। ক্লাবটি সম্প্রতি ব্রাইটন থেকে মোটা অঙ্কের অর্থে তাকে দলে ভেড়ায়। কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে অল্প সময় মাঠে থাকলেও আলো ছড়িয়েছিলেন এই তরুণ। তবে সেমিফাইনালে প্রথমবারের মতো চেলসির শুরুর একাদশে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন সাম্বার নাচে।
মঙ্গলবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় চেলসি প্রতিপক্ষকে চাপে ফেলে। ম্যাচের ১৮ মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করেন পেদ্রো, যা ফ্লুমিনেন্সের রক্ষণকে হতবাক করে দেয়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটে আবারও ঝলক দেখান পেদ্রো। তার দ্বিতীয় গোলে ২-০ তে এগিয়ে যায় চেলসি। গোল করার দুই মিনিট পর কোচ এনজো মারেস্কা তাকে তুলে নেন মাঠ থেকে। চেলসির জার্সিতে এটি ছিল তার অন্যতম সেরা পারফরম্যান্স।
অন্যদিকে, ফ্লুমিনেন্স দারুণ লড়াই করলেও গোলের সামনে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। কোচ রেনাতো গাউচোর দল একাধিক সুযোগ তৈরি করলেও উপযুক্ত ফিনিশারের অভাবে তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
চেলসি এখন প্রস্তুতি নিচ্ছে ক্লাব বিশ্বকাপের ফাইনালের জন্য, যেখানে তারা মুখোমুখি হবে আরেক শক্তিশালী প্রতিপক্ষের। তরুণ পেদ্রোর এই দুর্দান্ত উত্থান ইংলিশ ক্লাবটিকে শিরোপার অন্যতম দাবিদার করে তুলেছে।