খেলা
টানা পাঁচ ম্যাচে জোড়া গোল, মেসির জাদুতেই ইন্টার মায়ামির জয় অব্যাহত
মাঠে নামলেই যেন রেকর্ড গড়াই এখন লিওনেল মেসির স্বভাব। মেজর লিগ সকারে (এমএলএস) নিজের দল ইন্টার মায়ামির হয়ে টানা দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। এবার তিনি গড়লেন আরেকটি অনন্য কীর্তি—টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার বিরল রেকর্ড।
বাংলাদেশ সময় রোববার সকালে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামি ২-১ গোলে হারিয়েছে ন্যাশভিল এসসিকে। দলের দুই গোলই এসেছে মেসির পা থেকে, যা তার টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের রেকর্ডকে পূর্ণ করে।
ম্যাচের ১৭ মিনিটে ফ্রি-কিক থেকে চোখ ধাঁধানো এক গোল করেন মেসি। ডিফেন্ডারদের প্রতিরক্ষা দেয়াল ভেদ করে বাঁ পায়ের নিখুঁত শটে বল পাঠান জালে। বিশ্বকাপজয়ী এই সুপারস্টারের গোলেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ইন্টার মায়ামি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৯ মিনিটে ন্যাশভিলের হানি মুখতার হেড থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে ৬২ মিনিটে আবারও দৃশ্যপটে আসেন মেসি। গোলরক্ষক উইলিসের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে ঠাণ্ডা মাথায় সহজ ফিনিশে ম্যাচ জয়ের গোলটি করেন মেসি।
এই জোড়া গোলে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৬-তে। এই মুহূর্তে তিনি ন্যাশভিলের ফরোয়ার্ড সাম স্যারিজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন।
এই জয়ের ফলে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়াল ১৯ ম্যাচে ৩৮। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তাদের ব্যবধান মাত্র ৫ পয়েন্ট, তাও আবার তিনটি ম্যাচ হাতে রেখেই।
ক্লাব বিশ্বকাপ থেকে ফিরেই মেসি যেন আরও দৃঢ় ও মনোযোগী। যদিও পিএসজির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি, তবে এমএলএসে ফের চেনা ছন্দে ফিরেছে দলটি—যার মূল কান্ডারি নিঃসন্দেহে লিওনেল মেসি।