খেলা

লঙ্কা জয় করে ইতিহাস গড়ে ট্রফি হাতে দেশে ফিরলো টাইগাররা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম

লঙ্কা জয় করে ইতিহাস গড়ে ট্রফি হাতে দেশে ফিরলো টাইগাররা
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের গৌরব নিয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ঐতিহাসিক এই অর্জনের সাক্ষী হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন লিটন দাস, তানজিদ তামিম, রিশাদ হোসেনসহ দলের অন্যান্য ক্রিকেটাররা।

সিরিজজয়ী টাইগারদের বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। অধিনায়ক লিটন দাসের হাতে ছিল টি-টোয়েন্টি সিরিজ জয়ের ট্রফি, যা উজ্জ্বলভাবে তুলে ধরেছে টাইগারদের নতুন উচ্চতায় পৌঁছানোর বার্তা।

এ সফরে টাইগারদের পারফরম্যান্স ছিল মিশ্র। দুই ম্যাচের টেস্ট সিরিজে একটি ড্র করে আরেকটিতে হেরেছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বোলাররা দারুণ শুরু এনে দিলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হাতছাড়া হয় জয়। দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে জয় পেলেও শেষ ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজটি হারাতে হয়।

 

t20 trophy-cahm-Dhaka Prokah News-17-07-2025.jpg
ছবি: সংগৃহীত

তবে সেই হতাশা কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কার ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ, যা ইতিহাসে প্রথমবার। এই জয় শুধু পরিসংখ্যান নয়, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের বড় মঞ্চে ভালো করার সাহস জোগাবে ক্রিকেটারদের।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই সিরিজ জয় বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছে। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন তারা।