খেলা

আবারও দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম

আবারও দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান
আবারও দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ছবি: সংগৃহীত

চোটের ধাক্কায় গত বছর ট্র্যাক থেকে ছিটকে গিয়েছিলেন ইমরানুর রহমান। প্যারিস অলিম্পিকে দৌড় শেষ করতে না পারার হতাশা থেকে ঘুরে দাঁড়াতে সময় লেগেছে সাত-আট মাস। তবে সব কষ্ট পেছনে ফেলে এবার ফিরে এসেছেন নিজের জায়গায়—বাংলাদেশের দ্রুততম মানব হিসেবে।

শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে আবারও সবার সামনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ৩২ বছর বয়সী এই অ্যাথলেট। ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ইমরানুর। সেনাবাহিনীর অ্যাথলেট আব্দুল মোতালেব (১০.৮৬ সেকেন্ড) ও আগের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল (১০.৮৮ সেকেন্ড) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন।

emranul1_Dhakaprokash.jpg

ইমরানের এই ফেরাটা শুধু জয় নয়, এক ধরনের পুনর্জন্ম। ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে না খেলায় দ্রুততম মানবের খেতাব হারান তিনি। তখন সেই মুকুট পরেন ইসমাইল। কিন্তু এবার নৌবাহিনীর হয়ে দুজনই অংশ নিলে, ইসমাইলকে পেছনে ফেলে ফের চূড়ায় উঠলেন ইমরান।

বিদেশপ্রবাসী হলেও বাংলাদেশের স্প্রিন্টে ইমরানুর এক উজ্জ্বল নাম। গত তিন বছরে টানা তিনবার দ্রুততম মানব হয়েছেন তিনি। দেশের হয়ে ১০০ মিটারে জাতীয় রেকর্ড তারই দখলে—লন্ডনের এক মিটে ১০.১১ সেকেন্ড দৌড়ে এই রেকর্ড গড়েন। এছাড়া ২০২৩ সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে চ্যাম্পিয়ন হয়ে দেশবাসীকে এনে দিয়েছিলেন আনন্দের মুহূর্ত।