খেলা

আল-হিলালে বেনজেমা, সৌদি লিগে রোনালদোর সামনে নতুন চ্যালেঞ্জ!


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

আল-হিলালে বেনজেমা, সৌদি লিগে রোনালদোর সামনে নতুন চ্যালেঞ্জ!
ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে বড় ধরনের আলোড়ন তুললেন ফ্রান্সের তারকা করিম বেনজেমা। আল-ইত্তিহাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি যোগ দিয়েছেন লিগের সবচেয়ে সফল ক্লাব আল-হিলালে। সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

এই দলবদলের ফলে সৌদি লিগে শিরোপা দৌড়ে নতুন মাত্রা যোগ হলো। কারণ, আল-হিলালের হয়ে খেলতে গিয়ে বেনজেমা এখন সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালেন তাঁর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর। বর্তমানে রোনালদো খেলছেন আল-নাসেরে, যারা শিরোপা জয়ের লড়াইয়ে আল-হিলালের বড় প্রতিদ্বন্দ্বী।

আল-ইত্তিহাদ ছাড়ার সময় আবেগঘন বার্তায় বেনজেমা বলেন, ‘আল ইত্তিহাদের সঙ্গে আমার অধ্যায় শেষ হলো, কিন্তু এই ক্লাবের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা আজীবন থাকবে। এখানে কাটানো সময় আমাকে ব্যক্তি ও পেশাদার—দুই দিক থেকেই সমৃদ্ধ করেছে। এই জার্সি গায়ে খেলার গর্ব এবং আমাদের একসঙ্গে অর্জন করা সব সাফল্য নিয়ে আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’

আল-হিলাল সৌদি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল। তাদের দখলে রয়েছে ২১টি লিগ শিরোপা এবং চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ। শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তারা নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে—গত বছর ক্লাব বিশ্বকাপে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ব্যাপক আলোচনায় আসে ক্লাবটি।

দুবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট কোচ সিমোনে ইনজাঘির অধীনে আল-হিলালকে আরও শক্তিশালী মনে করছেন বিশ্লেষকেরা। এমন এক সময়ে বেনজেমার এই যোগদান এলো, যখন আল-নাসেরের দলবদল নীতি নিয়ে রোনালদোর অসন্তুষ্টির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।

সব মিলিয়ে, সৌদি প্রো লিগে রোনালদো বনাম বেনজেমার দ্বৈরথ নতুন করে উত্তেজনা ছড়াতে যাচ্ছে—এ নিয়ে সন্দেহ নেই।