খেলা
ম্যাচ শেষেই পেলেন দুঃসংবাদ, বাবা হারালেন রিংকু সিং
ভারতীয় ক্রিকেটার রিংকু সিংয়ের বাবা খাঞ্চন্দ সিং আর নেই। টি-টুয়েন্টি বিশ্বকাপ ম্যাচ চলাকালে রিংকু জানতে পারেন এ দুঃসংবাদ।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গ্রেটার নয়ডার ইয়াথার্থ হাসপাতালের মুখপাত্র ডা. সুনীল কুমার জানান, লিভার ক্যানসারে ভুগছিলেন খাঞ্চন্দ সিং। গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২১ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, ‘গত কয়েক দিনে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ২১ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। আজ ভোরে তিনি মারা যান।
পরিবার জানিয়েছে, আলিগড়েই তার দাফন সম্পন্ন হবে। শেষকৃত্যে উপস্থিত থাকবেন রিংকু।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের আলিগড় জেলার বাসিন্দা ২৮ বছর বয়সী রিংকু সিং নিজের সাফল্যের পেছনে বাবার অবদানের কথা একাধিকবার উল্লেখ করেছেন। আলিগড়ে গ্যাস সিলিন্ডার বিতরণের কাজ করলেও আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন করেছিলেন খাঞ্চন্দ সিং।