খেলা
ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মতো শক্তিশালী স্কোয়াড আছে: ভিনিসিয়ুস
আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ব্রাজিল। দলের অন্যতম প্রধান তারকা ভিনিসিয়ুস জুনিয়র মনে করেন, বর্তমান স্কোয়াড যথেষ্ট শক্তিশালী এবং যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।
ফিফা-এর সঙ্গে আলাপচারিতায় এই ফরোয়ার্ড বলেন, জাতীয় দলে দীর্ঘদিন থাকলেও এখন তার দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি। একসময় ‘উদীয়মান প্রতিভা’ হিসেবে দলে থাকলেও এখন তিনি সামনের সারি থেকে দলকে নেতৃত্ব দেওয়ার ভূমিকায় রয়েছেন।
গত কাতার বিশ্বকাপ-এর হতাশার কথাও স্মরণ করেন ভিনিসিয়ুস। ওই আসরে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। তবে অতীত নিয়ে না ভেবে এবার মাঠে নিজেদের প্রমাণের ওপরই জোর দিচ্ছেন তিনি।
দলের বর্তমান পরিস্থিতি নিয়েও আশাবাদী এই তারকা। ২০২৫ সালের মে মাসে কোচের দায়িত্ব নেওয়া কার্লো আনচেলত্তি-র প্রশংসা করে ভিনিসিয়ুস বলেন, তার অধীনে খেলতে পেরে তিনি আত্মবিশ্বাসী হয়েছেন। কোচের কৌশল দলকে আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই ভারসাম্যপূর্ণ করেছে বলেও জানান তিনি।
ভিনিসিয়ুসের মতে, আধুনিক ফুটবলে দলগত সমন্বয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনচেলত্তি খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলতে দেন, যা সৃজনশীল ফুটবল উপহার দিতে সহায়ক হচ্ছে।
আগামী ১৩ জুন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘হেক্সা’ জয়ের লক্ষ্যে এবার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সেলেসাওরা।