খেলা

ইন্টার মায়ামিকে জেতানোর ৪ মাস পর পদত্যাগ করলেন আর্জেন্টাইন কোচ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম

ইন্টার মায়ামিকে জেতানোর ৪ মাস পর পদত্যাগ করলেন আর্জেন্টাইন কোচ
ছবিঃ সংগৃহীত

ইন্টার মায়ামিকে তাদের প্রথম এমএলএস কাপ জেতানোর মাত্র ৪ মাস পর পদত্যাগ করলেন আর্জেন্টাইন কোচ জাভিয়ের মাসচেরানো।

গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে মায়ামি জানিয়েছে, ‘ব্যক্তিগত কিছু কারণে’ তিনি তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।    

একটি সূত্র ইএসপিএন-কে নিশ্চিত করেছে, গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ঘরের মাঠে ড্র করার পর মাসচেরানো আনুষ্ঠানিকভাবে ক্লাবকে তার সিদ্ধান্তের কথা জানান।

ক্লাব জানিয়েছে, ‘আসন্ন ম্যাচগুলোর’ জন্য প্রথম দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন গুইলেরমো হোয়োস। স্পোর্টিং ডিরেক্টরের বর্তমান দায়িত্ব ছাড়ছেন তিনি।

মাসচেরানো এক বিবৃতিতে বলেছেন, ‘আমি সবাইকে জানিয়ে দিতে চাই, ব্যক্তিগত কিছু কারণে আমি ইন্টার মায়ামি সিএফ-এর প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, আর্জেন্টিনা ও বার্সেলোনায় মায়ামি তারকা লিওনেল মেসির সাবেক সতীর্থ মাসচেরানো প্রায় দেড় বছর দলটির কোচ ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে জেরার্ড ‘টাটা’ মার্টিনোর উত্তরসূরি হন তিনি।