খেলা

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরুর প্রাক্কালে অপ্রত্যাশিত আইনি জটিলতায় জড়িয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে একটি ইভেন্ট আয়োজনকারী প্রতিষ্ঠান।

আদালতের নথি অনুযায়ী, মায়ামিভিত্তিক ‘ভিদ মিউজিক গ্রুপ’ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে এই মামলা করে। এতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন-কেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, একটি প্রীতি ম্যাচে অংশ না নিয়ে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তির শর্ত ভঙ্গ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচ্ছত্র অধিকার পেতে তারা বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী, ইনজুরি না থাকলে প্রতিটি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল।

মেসি মামল.jpg

কিন্তু গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি; তিনি স্টেডিয়ামে উপস্থিত থাকলেও খেলা দেখেছেন গ্যালারি থেকে। অথচ পরদিনই তিনি তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেন এবং দুটি গোল করেন—যা নিয়ে প্রশ্ন উঠেছে।

১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে তিনি খেললেও সেটি পরিকল্পনা অনুযায়ী শিকাগোতে না হয়ে ফ্লোরিডায় অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, ভেন্যু পরিবর্তন ও কম টিকিট বিক্রির কারণে তাদের আর্থিক ক্ষতি আরও বেড়েছে।

ভিদ মিউজিক গ্রুপ জানিয়েছে, একটি ম্যাচে মেসির অনুপস্থিতি এবং অন্য ম্যাচে কম দর্শক উপস্থিতির কারণে তারা মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে মামলায় ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে এখনো পর্যন্ত মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।