খেলা
‘বছরের শেষ নাগাদ’ বাংলাদেশে ফেরার আশায় সাকিব আল হাসান
বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ তিনি দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। ভারতের ক্রীড়া মাধ্যম স্পোর্টস্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকারে সাকিব বলেন, বর্তমানে পরিস্থিতি অনিশ্চিত হলেও তিনি বিশ্বাস করেন, বছরের শেষ দিকে সব জটিলতার সমাধান হতে পারে এবং তিনি দেশে ফিরতে পারবেন। তার ভাষায়, “ফেরার বিষয়টি কখন হবে তা নিশ্চিত নয়, তবে আমি আশাবাদী যে খুব শিগগিরই সম্ভব হবে।”
তিনি আরও জানান, বাংলাদেশের হয়ে ফের মাঠে নামা এখন পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই, বিষয়টি বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করছে।
সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দীর্ঘ সময় দেশের বাইরে রয়েছেন এবং এখনো জাতীয় দলে তার ফেরা অনিশ্চিত রয়ে গেছে।
একই সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও কথা বলেন। সাকিব বলেন, সময় ও পরিস্থিতি বিবেচনায় রাজনীতিতে আসার সিদ্ধান্ত আরও পরে নেওয়া হলে তা ভালো হতো বলে তিনি মনে করেন।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হলে ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।