খেলা
বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার কাপালদো
বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে উদ্বোধনী ম্যাচের আগেই দলীয় শিবিরে দেখা দিয়েছে পরিবর্তন। যুক্তরাষ্ট্রে চলা অনুশীলন ক্যাম্প ছেড়ে গেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস কাপালদো।
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি চালিয়ে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির দল। যদিও আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি জার্মান ক্লাব হামবুর্গের এই ডিফেন্ডারের। তাকে মূলত প্রস্তুতি ক্যাম্প এবং হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দলে ডেকেছিলেন কোচ স্ক্যালোনি।
এক পর্যায়ে অবশ্য বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কাপালদোর। ডান প্রান্তের দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও গনসালো মনতিয়েলের চোটের কারণে তাকে বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত দুই ফুটবলার দ্রুত সুস্থ হয়ে ওঠায় বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি তার।
বিশ্বকাপের আগে স্ক্যালোনি সাতজন অতিরিক্ত খেলোয়াড়কে নিয়ে যুক্তরাষ্ট্রে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করেন। উদ্দেশ্য ছিল তরুণ ও সম্ভাবনাময় ফুটবলারদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া। সেই অতিরিক্ত সাতজনের একজন ছিলেন নিকোলাস কাপালদো।
প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণের খুব বেশি সুযোগও পাননি এই ডিফেন্ডার। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে মাত্র আট মিনিট মাঠে ছিলেন তিনি। বাম উইং-ব্যাক হিসেবে খেললেও ছাপ ফেলতে পারেননি। অন্যদিকে আইসল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে কাটাতে হয় তাকে। ওই ম্যাচে তার পরিবর্তে সুযোগ পান আগুস্তিন গিয়াই।
বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগেই কাপালদোর ক্যাম্প ত্যাগ করা আর্জেন্টিনা দলের পরিকল্পিত প্রক্রিয়ারই অংশ। তবে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের এই অভিজ্ঞতা ভবিষ্যতে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।