খেলা
দীর্ঘ ৩৫ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা
ফুটবল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই বিশ্বজুড়ে উন্মাদনা, আর সেটি যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তাহলে উত্তেজনা পৌঁছে যায় ভিন্ন উচ্চতায়। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হওয়ার পর কেটে গেছে ৩৫ বছর। এরপর আর বিশ্বকাপে দেখা হয়নি দুই লাতিন পরাশক্তির। তবে এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটার সম্ভাবনা জোরালো হয়েছে।
চলতি বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে টানা দুই জয় তুলে নিয়ে ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। গ্রুপ শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় শেষ ষোলোতে লিওনেল মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ, যেখানে উরুগুয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
অন্যদিকে, শুরুতে কিছুটা ধীরগতির হলেও হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে ছন্দে ফিরেছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা সেলেসাওদের শেষ ষোলোতে খেলতে হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেন।
নকআউট পর্বে দুই দলই যদি নিজেদের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারে, তাহলে সেমিফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। ৩৫ বছরের অপেক্ষার পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে পারেন নেইমার ও মেসিরা। এখন ফুটবলপ্রেমীদের চোখ সেই সম্ভাবনার দিকেই।