খেলা
সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স, প্রতিপক্ষ প্যারাগুয়ে
বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তার আরেকটি প্রমাণ দিল ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তবে প্রথমার্ধের বেশির ভাগ সময় ভাগ্য তাদের পক্ষে ছিল না। কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। আরও কয়েকটি সুযোগও অল্পের জন্য হাতছাড়া হয়।
অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ের আগে ৪৫তম মিনিটে জট খোলে। বক্সের বাঁ দিক থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে দূরের পোস্টে বল জড়িয়ে দেন এমবাপ্পে। গোলের পর সম্প্রতি মাকে হারানো কোচ দিদিয়ের দেশমকে জড়িয়ে ধরে উদযাপন করেন তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।
অন্যদিকে, সুইডেন কয়েকবার আক্রমণে উঠলেও ফরাসি গোলরক্ষক মাইক মাইনাঁকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। দুই গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি ফ্রান্স। একের পর এক আক্রমণে সুইডেনের রক্ষণভাগকে চাপে রাখে তারা।
৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন এমবাপ্পে। এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ৬-এ। ফলে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে আসেন। তবে অ্যাসিস্টের হিসাবে এমবাপ্পে এগিয়ে আছেন। তার অ্যাসিস্ট দুটি, যেখানে মেসির কোনো অ্যাসিস্ট নেই।
বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।
এই জয়ের ফলে শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ হয়েছে প্যারাগুয়ে।