খেলা
রোনালদো-মদ্রিচদের ম্যাচের টিকিটের দাম ২৬ লাখ টাকা
২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচ পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াইকে ঘিরে টিকিটের দাম আকাশছোঁয়া হয়েছে। কানাডার টরন্টো স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ম্যাচটির কিছু পুনর্বিক্রয় টিকিটের মূল্য পৌঁছেছে ৩০ হাজার কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকা।
টেলিভিশন নেটওয়ার্ক সিটিভি নিউজ জানিয়েছে, টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগ্যাকে কিছু আসনের দাম ৩০ হাজার কানাডিয়ান ডলারেরও বেশি নির্ধারণ করা হয়েছে। একইভাবে সিটগ্যাক ও স্টাবহাবে কয়েক হাজার ডলার মূল্যের অসংখ্য টিকিট বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে।
এমনকি সবচেয়ে কম দামের একক টিকিটের মূল্যও ছিল ২ হাজার ৬০০ মার্কিন ডলারের বেশি। অথচ ২০২৫ সালে ফিফার আনুষ্ঠানিক বিক্রির সময় এসব টিকিটের দাম ছিল ৩৩৫ থেকে ৮৭৫ ডলারের মধ্যে।
টরন্টোতে বিপুলসংখ্যক পর্তুগিজ ও ক্রোয়েশীয় বংশোদ্ভূত মানুষের বসবাসও টিকিটের চাহিদা বাড়িয়ে দিয়েছে। বৃহত্তর টরন্টো এলাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার পর্তুগিজ এবং ৩৫ হাজার ক্রোয়েশীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। তাদের আগ্রহের কারণেই ম্যাচটির টিকিটের চাহিদা কয়েকগুণ বেড়েছে।
ম্যাচটির আবেগঘন গুরুত্বও টিকিটের দাম বাড়ার অন্যতম কারণ। কারণ এই ম্যাচে হারলে ক্রিশ্চিয়ানো রোনালদো অথবা লুকা মদ্রিচের বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে, আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।
এদিকে টরন্টো যে অন্টারিও প্রদেশে অবস্থিত, সেখানে চলতি বছরই টিকিটের মূল দামের চেয়ে বেশি দামে পুনর্বিক্রয় নিষিদ্ধ করে আইন পাস করা হয়েছে। তবে পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলোর দাবি, বিক্রেতারা মূল টিকিট কত দামে কিনেছিলেন, তা যাচাই করা কঠিন হওয়ায় আইনটি বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং।
সূত্র: রয়টার্স