খেলা

বালোগানের লাল কার্ড বাতিলে ট্রাম্পের হস্তক্ষেপ চান মার্কিন সমর্থকরা!


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

বালোগানের লাল কার্ড বাতিলে ট্রাম্পের হস্তক্ষেপ চান মার্কিন সমর্থকরা!
ছবি: সংগৃহীত

বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে জয় পেলেও স্বস্তিতে নেই দলটি। বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগান।

বালোগানের বিতর্কিত লাল কার্ডকে কেন্দ্র করে এখন উত্তাল যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ক্ষুব্ধ সমর্থকেরা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করছেন।

ম্যাচের প্রথমার্ধে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন বালোগান। চলতি বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল। তবে ৬১তম মিনিটে ঘটে বিতর্কিত সেই ঘটনা। বল দখল নিয়ে এগোচ্ছিলেন বসনিয়ার খেলোয়াড় মুহারেমোভিচ। এ সময় পেছন থেকে তার পায়ে বিপজ্জনক ট্যাকল করেন বালোগান।

রেফারি ভিএআরের সাহায্য নিয়ে ৬৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখান বালোগানকে, ফলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

ম্যাচ শেষে এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। তবে ফিফার নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা বাধ্যতামূলক হওয়ায় আপিলের সুযোগ নেই।

ফিফার এই কঠোর নিয়মে পরিবর্তনের আশা না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নধর্মী প্রচারণা শুরু করেছেন মার্কিন সমর্থকেরা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্কের বিষয়টি সামনে এনে তারা ট্রাম্পের কাছে হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন।

কেউ কেউ রসিকতা করে বলছেন, ট্রাম্প যেন ‘রাষ্ট্রপতির ক্ষমা’ ঘোষণা করে বালোগানের নিষেধাজ্ঞা তুলে দেন। আবার কেউ প্রস্তাব দিয়েছেন, প্রয়োজনে ফিফার ওপর প্রভাব খাটিয়ে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হোক।

উল্লেখ্য, পচেত্তিনোর অধীনে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখালেও এখন পর্যন্ত গ্যালারিতে দেখা যায়নি ডোনাল্ড ট্রাম্পকে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে তার মাঠে উপস্থিতি নিয়ে নিরাপত্তা ও রাজনৈতিক উদ্বেগের কথাও উঠে এসেছে।