খেলা
র্যাংকিংয়ের শীর্ষ ১৫ দলের মুখোমুখি না হয়েই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসরেও অন্যতম শিরোপাপ্রত্যাশী দল। তবে কোয়ার্টার ফাইনালে উঠলেও এখন পর্যন্ত ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১৫ দলের কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়নি লিওনেল স্কালোনির শিষ্যদের। বিষয়টি ঘিরে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল আলজেরিয়া (র্যাংকিং ৩৩), অস্ট্রিয়া (২৩) ও জর্ডান (৬৩)। এরপর শেষ ৩২-এ কেপ ভার্দে (৬৯) এবং শেষ ষোলোতে মিশরকে (৩২) হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যারা বর্তমানে ফিফা র্যাংকিংয়ের ১৯তম স্থানে রয়েছে। আর সেমিফাইনালে ওঠার সমীকরণে নরওয়ে যদি ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে শেষ চারে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে ৩০তম স্থানে থাকা নরওয়ে।
এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এক পক্ষের মতে, এটি টুর্নামেন্টের ড্র ও নকআউট পর্বের স্বাভাবিক ফলাফল। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েই কি ফাইনালের পথে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা?
তবে ফুটবলের বাস্তবতা বলছে ভিন্ন কথা। নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকেই সহজভাবে নেওয়ার সুযোগ নেই। এর বড় উদাহরণ শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার লড়াই। একসময় ২-০ গোলে পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্কালোনির দল।
পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচ প্রতিপক্ষের গড় ফিফা র্যাংকিং প্রায় ৪৪। তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ২৩তম স্থানে থাকা অস্ট্রিয়া। অর্থাৎ ফাইনালের পথে এখন পর্যন্ত শীর্ষ ২০-এর কোনো দলের বিপক্ষেও মাঠে নামতে হয়নি আর্জেন্টিনাকে।