খেলা

বিশ্বকাপ জেতাই লক্ষ্য, ফ্রান্সকে ভয় পায় না মরক্কো: ওয়াহবি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

বিশ্বকাপ জেতাই লক্ষ্য, ফ্রান্সকে ভয় পায় না মরক্কো: ওয়াহবি
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর মরক্কো। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য শুধু সেমিফাইনালে ওঠা নয়, বরং বিশ্বকাপের শিরোপা জয়।

ওয়াহবি বলেন, ফ্রান্সের বিপক্ষে প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো কোনো গোপন পরিকল্পনা তাদের নেই। দুই দলই একে অপরের খেলার ধরন সম্পর্কে ভালোভাবে জানে। তাই মাঠে যে দল নিজেদের পরিকল্পনা সবচেয়ে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে, তারাই জয় তুলে নেবে।

তিনি জানান, মরক্কো রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলতে নামছে না। বরং বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তোলাই তাদের পরিকল্পনা। বিশেষ করে মাঝমাঠ এবং দুই উইংয়ের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে ফ্রান্সের রক্ষণে চাপ সৃষ্টি করতে চায় আফ্রিকার প্রতিনিধিরা।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হলে ওয়াহবি বলেন, সেই ম্যাচের সঙ্গে বর্তমান বাস্তবতার কোনো মিল নেই। চার বছরে দুই দলের স্কোয়াড, কৌশল ও পরিস্থিতি বদলে গেছে। তাই অতীত নিয়ে ভাবার পরিবর্তে পুরো মনোযোগ বর্তমান ম্যাচেই রাখতে চান তিনি।

ফ্রান্সকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে স্বীকার করলেও তাদের নিয়ে কোনো ভয় নেই বলেও জানান মরক্কো কোচ। তার বিশ্বাস, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখাতে পারলে যে কোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব।

বিশ্বকাপে নিজেদের লক্ষ্য প্রসঙ্গে ওয়াহবি বলেন, অনেকেই মনে করছেন কোয়ার্টার ফাইনালে ওঠাই মরক্কোর সবচেয়ে বড় অর্জন। কিন্তু দলের লক্ষ্য আরও বড়। তারা শুধু শেষ চার নয়, বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্ন নিয়েই খেলছে। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে কোনো সাফল্য উদযাপনেও বিশ্বাসী নন তিনি।

ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিততে হলে খেলোয়াড়দের শতভাগেরও বেশি উজাড় করে দিতে হবে বলেও মন্তব্য করেন ওয়াহবি। তার ভাষায়, ম্যাচ শেষে যেন কোনো আফসোস না থাকে, সে লক্ষ্য নিয়েই সবাইকে সর্বোচ্চটা দিতে হবে।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একটি ধাক্কাও পেয়েছে মরক্কো। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মিডফিল্ডার ইসমাইল সাইবারি ফ্রান্সের বিপক্ষে খেলতে পারবেন না। তবে টুর্নামেন্টের পরবর্তী ধাপে তাকে আবার দলে পাওয়া যাবে বলে আশাবাদী কোচ মোহাম্মদ ওয়াহবি।