খেলা
‘আর্জেন্টিনার বিপক্ষে এই হার আমাকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে’
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর হতাশা লুকাতে পারেননি ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন। তার মতে, ম্যাচের শেষ দিকে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ার খেসারতই দিতে হয়েছে থ্রি লায়ন্সদের।
আট বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও ফাইনালের স্বপ্ন অপূর্ণই থেকে গেল ইংল্যান্ডের। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে থ্রি লায়ন্সদের।
আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ৫৫ মিনিটে মরগান রজার্সের দারুণ ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান, আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার ড্যান বার্ন ম্যাচ শেষে বলেন,
“আমি পুরোপুরি ভেঙে পড়েছি। আমরা আমাদের পরিকল্পনা বেশ ভালোভাবেই বাস্তবায়ন করছিলাম। কিন্তু ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ি। বক্সে অনেক বেশি ক্রস ও সুযোগ দিয়েছি। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে এমন ভুল করলে মূল্য দিতেই হয়। এই হার আমাকে দীর্ঘ সময় তাড়িয়ে বেড়াবে।”
এই বিশ্বকাপে শেষ ষোলোতে ১০ জন নিয়ে খেলেও মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। পরে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।
কিন্তু আগের ম্যাচগুলোর আত্মবিশ্বাস সেমিফাইনালে ধরে রাখতে না পারার কারণ জানতে চাইলে বার্ন বলেন,
“আমি নিশ্চিত নই। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার এত কাছে চলে এলে চাপ তৈরি হওয়াটা স্বাভাবিক। আর্জেন্টিনার এই পর্যায়ে খেলার অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দুটোই ছিল। আগের ম্যাচগুলোতে আমরা বক্সের ভেতর দারুণ রক্ষণ করেছি। এবার সেটা ধরে রাখতে পারিনি।”
হতাশা থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছেন এই ইংলিশ ডিফেন্ডার।
বার্ন বলেন, “এই বিশ্বকাপে আমরা যা করেছি, তা নিয়ে আমি গর্বিত। টুর্নামেন্ট শুরুর আগে খুব বেশি মানুষ আমাদের নিয়ে এতটা আশা করেনি। আমরা ভালো ফুটবল খেলেছি এবং সত্যিই বিশ্বাস করেছিলাম, এবার ইতিহাস গড়তে পারব।”
ফাইনালের স্বপ্ন শেষ হলেও ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখনো শেষ হয়নি। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে থমাস টুখেলের দল।