খেলা

রেকর্ড দামে বিক্রি ‘১৭ বছর বয়সী পেলে’র বিশ্বকাপ ফাইনালের জার্সি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম

রেকর্ড দামে বিক্রি ‘১৭ বছর বয়সী পেলে’র বিশ্বকাপ ফাইনালের জার্সি
ছবিঃ সংগৃহীত

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে। এটি এখন পর্যন্ত পেলের কোনো স্মারক সামগ্রীর সর্বোচ্চ বিক্রয়মূল্যের রেকর্ড।

নিলাম প্রতিষ্ঠান সোথবি জানিয়েছে, নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে পাঁচজনের বেশি বিডারের কাছ থেকে মোট ১০টি বিড আসে। ১৯৫৮ বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনালে ব্যবহৃত হওয়ায় জার্সিটির মূল্য এতটা বেড়েছে।

মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ অভিষেক হয়েছিল পেলের, যার পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। ১৯৫৮ সালের আসরে প্রথমবার বিশ্বকাপ খেলেই তিনি করেন ৬ গোল। ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলকে ৫-২ ব্যবধানে জিতিয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেন।

এখনও পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পেলের রেকর্ড অক্ষুণ্ণ রয়েছে। পরবর্তীতে তিনি শুধু ব্রাজিল নয়, বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তিতে পরিণত হন।

সোথবির ভাষ্য, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবি খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পুনর্মুদ্রিত ছবিগুলোর একটি, আর সেই ছবিতে থাকা জার্সিটিই এবার নিলামে বিক্রি হয়েছে।

এর আগে ২০০৪ সালে একই জার্সি ৭০ হাজার ৫০৫ পাউন্ড (প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলার) দামে বিক্রি হয়েছিল। দুই দশকের ব্যবধানে এর মূল্য বেড়েছে কয়েক ডজন গুণ।

তবে পেলের এই জার্সি ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামী স্মারক নয়। সেই রেকর্ড এখনও রয়েছে বেসবল কিংবদন্তি বেব রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে পরা জার্সির দখলে, যা ২০২৪ সালে ২৪.১ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়।

সবচেয়ে দামি ক্রীড়া স্মারকের তালিকায় আরও রয়েছে মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালের জার্সি, যা ১০.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। এছাড়া ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার পরা বিখ্যাত জার্সি নিলামে বিক্রি হয় ৯.২ মিলিয়ন ডলারে।