খেলা

‘রেফারি নিরপেক্ষ থাকলে বিশ্বকাপ জিতবে স্পেন’ লাপোর্তার মন্তব্যে নতুন বিতর্ক


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:১২ এএম

‘রেফারি নিরপেক্ষ থাকলে বিশ্বকাপ জিতবে স্পেন’ লাপোর্তার মন্তব্যে নতুন বিতর্ক
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং ইস্যু নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। তার দাবি, ম্যাচে রেফারি যদি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে শিরোপা জিতবে স্পেন।

স্পেনের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান লাপোর্তা। তিনি বলেন, শুরু থেকেই তিনি স্পেনের পক্ষেই আছেন এবং নিরপেক্ষ রেফারিং হলে লা রোহার শিরোপা জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

লাপোর্তার ভাষায়, ‘আমি আগেই বলেছি, ফাইনালে আমার পূর্ণ সমর্থন স্পেনের প্রতি। রেফারি যদি নিজের পেশাদারিত্ব বজায় রাখেন এবং কোনো পক্ষপাত না করেন, তাহলে স্পেনের জয়ের সম্ভাবনা অনেক বেশি।’

অন্যদিকে স্পেনের সাবেক মিডফিল্ডার ও বর্তমান কোচ জাবি আলোনসোও স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন। তবে তিনি লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে কোনোভাবেই হালকাভাবে নিতে রাজি নন।

জাবি আলোনসোর মতে, পুরো টুর্নামেন্টে কঠিন পরিস্থিতি থেকে বারবার ঘুরে দাঁড়িয়ে জয়ের মানসিকতা দেখিয়েছে আর্জেন্টিনা। এ কারণেই দলটি ফাইনালে অত্যন্ত কঠিন প্রতিপক্ষ।

তিনি আরও বলেন, ‘ফাইনালে কোনো একক ফেবারিট নেই। মেসি পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছে। দুই দলের শক্তির ভারসাম্য বিবেচনায় এটি সমানে সমানের একটি লড়াই হতে যাচ্ছে।’