খেলা

পেলের ৫৬ বছরের বিশ্বকাপ রেকর্ড ভাঙলেন মাইকেল ওলিসে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ এএম

পেলের ৫৬ বছরের বিশ্বকাপ রেকর্ড ভাঙলেন মাইকেল ওলিসে
ছবিঃ সংগৃহীত

চলতি বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা স্বপ্ন পূরণ না হলেও ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিসে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন তিনি।

ম্যাচে কিলিয়ান এমবাপ্পের দুটি গোলেই অ্যাসিস্ট করেন ওলিসে। এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৭-এ। ফলে ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলের গড়া এক আসরে ৬ অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দেন বায়ার্ন মিউনিখের এই তারকা।

৫৬ বছর ধরে অক্ষত থাকা পেলের সেই রেকর্ড ভেঙে এখন বিশ্বকাপের একক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক মাইকেল ওলিসে।

তবে বিশ্বকাপের সর্বকালের মোট অ্যাসিস্টের তালিকায় এখনো লিওনেল মেসির পেছনেই রয়েছেন তিনি। এই তালিকায় শীর্ষে থাকা মেসির চেয়ে ওলিসে এখনো পাঁচ অ্যাসিস্ট পিছিয়ে আছেন।

চলতি বিশ্বকাপে ওলিসের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার বোঝাপড়া ও আক্রমণভাগে সমন্বয় ফ্রান্সের অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছিল। নিখুঁত পাস, সৃজনশীলতা এবং সুযোগ তৈরি করার দক্ষতায় টুর্নামেন্টজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

মাত্র ২৪ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের সামনে আরও কয়েকটি বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। ফলে ভবিষ্যতে বিশ্বকাপের সর্বকালের অ্যাসিস্টের রেকর্ডেও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সূত্র: মার্কা।