খেলা
বিদায়ের ইঙ্গিতের পরও ২০৩০ বিশ্বকাপ নিয়ে নতুন বার্তা নেইমারের
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। নরওয়ের বিপক্ষে শেষ ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেছিলেন, “আমি চেষ্টা করেছি। এখানেই শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।” সেই বক্তব্যে অনেকেই ধরে নিয়েছিলেন, ব্রাজিলের জার্সিতে তার বিশ্বকাপ অধ্যায়ের ইতি ঘটেছে।
তবে কয়েকদিনের ব্যবধানে ২০৩০ বিশ্বকাপ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। একটি ভাইরাল এআই ভিডিওতে তার প্রতিক্রিয়া সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
‘নার্ডসোল’ নামের একটি জনপ্রিয় চ্যানেলের তৈরি ভিডিওতে কল্পিতভাবে ২০২৬ সালের নেইমারকে নিজের তরুণ সংস্করণের সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওর শেষাংশে ভবিষ্যতের নেইমারকে ‘২০৩০’ লেখা বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়ে থাকতে দেখানো হয়। ক্যাপশনে প্রশ্ন তোলা হয়, “এখনও কি সময় আছে? নেইমার কি শেষবারের মতো আরেকটি বিশ্বকাপ খেলতে পারবেন?”
ভিডিওটিতে নেইমারের প্রতিক্রিয়াই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। তিনি পোস্টটির মন্তব্যে আবেগঘন কয়েকটি ইমোজি ব্যবহার করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন জল্পনা। পোস্টটি প্রকাশের মাত্র এক দিনের মধ্যেই প্রায় ২০ লাখ লাইক পায়।
বর্তমানে নেইমারের বয়স ৩৪ বছর। ফলে ২০৩০ বিশ্বকাপে তার বয়স হবে ৩৮। অনেক সমর্থকের যুক্তি, ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি ৩৯ বছর এবং ক্রিস্টিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে খেলেছেন। তাই শারীরিকভাবে ফিট থাকলে নেইমারের পক্ষেও আরেকটি বিশ্বকাপে অংশ নেওয়া অসম্ভব নয়।
তবে বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের বিষয়ে নেইমার এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এসপোর্তে জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপে খেলার পরিকল্পনা তার নেই এবং জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তে তিনি অনড় রয়েছেন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির দীর্ঘমেয়াদি পরিকল্পনাতেও নেইমারের নাম নেই। অন্যদিকে ক্লাব ফুটবলে সান্তোসের সঙ্গে তার ভবিষ্যৎ নিয়েও শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
ফলে একটি ভাইরাল ভিডিও ও কয়েকটি ইমোজি সমর্থকদের মধ্যে নতুন আশার জন্ম দিলেও, ২০৩০ বিশ্বকাপে নেইমারের খেলা এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।