খেলা
আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবিতে পিটিশনে ২ কোটি ৩৩ লাখ স্বাক্ষর
২০২৬ বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে নানা বিতর্কের কেন্দ্রে ছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, খেলোয়াড়দের আচরণ এবং একাধিক বিতর্কের জেরে দলটিকে ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিতে করা একটি অনলাইন পিটিশনে ২ কোটি ৩৩ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘Argentina Out’ শিরোনামের ওই পিটিশনে বিশ্বের প্রায় ১৭০টি দেশের ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন ডিজিটাল স্বাক্ষর করেছেন বলে আয়োজকদের দাবি। শুরুতে পিটিশনের লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা, তবে সেটি কয়েক গুণ অতিক্রম করেছে বলে উল্লেখ করা হয়।
পিটিশনের বিবৃতিতে অভিযোগ করা হয়, পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা রেফারিংয়ে বিশেষ সুবিধা পেয়েছে। সেখানে বলা হয়, “যদি আগেই বিজয়ী নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন খেলবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিন এবং সবাইকে সমান সুযোগ দিন।”
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পিটিশনের আয়োজকেরা এক বার্তায় লেখেন, “ফিফা আমাদের কথা শোনেনি, কিন্তু স্পেন তাদের প্রতিশ্রুতি রেখেছে। ধন্যবাদ, স্পেন।” তাদের দাবি, ফাইনালের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির জেরে পিটিশনে স্বাক্ষরের সংখ্যা আরও দ্রুত বৃদ্ধি পায়।
ফাইনালেও আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়ে সমালোচনা হয়। লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকে ঘুষি মারা এবং গাভিকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া স্পেনের তরুণ ডিফেন্ডার পাও কুবার্সির ওপর কঠোর ট্যাকলের দায়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে বিশ্লেষকদের অনেকে মনে করেন।
তবে এই পিটিশনে উল্লেখিত স্বাক্ষরের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এছাড়া অনলাইন পিটিশনের ভিত্তিতে ফিফা কোনো তদন্ত শুরু করেছে বা আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে—এমন তথ্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি স্বাক্ষরসংবলিত অনলাইন পিটিশনের রেকর্ড এখনও ‘Jubilee 2000’ আন্দোলনের দখলে। ওই পিটিশনে ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জন স্বাক্ষর করেছিলেন। সেই হিসাবে, আয়োজকদের দাবি অনুযায়ী ‘Argentina Out’ পিটিশনটি রেকর্ড ভাঙতে পারেনি।