খেলা

অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে আমরা নতুন একটি দল গঠন করব: আনচেলত্তি 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম

অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে আমরা নতুন একটি দল গঠন করব: আনচেলত্তি 
ছবিঃ সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর জাতীয় দলকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তরুণদের সুযোগ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ ফুটবলারদেরও দলে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিশ্বকাপ শেষে নিজ দেশ ইতালিতে ছুটি কাটিয়ে সম্প্রতি ব্রাজিলে ফিরেছেন আনচেলত্তি। মঙ্গলবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি।

বৈঠক শেষে আনচেলত্তি বলেন, “আমরা নতুন একটি দল গঠন শুরু করব। তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ করব এবং সুযোগ দিয়ে তাদের মূল্যায়ন করব। তবে সর্বশেষ বিশ্বকাপে আমাদের সঙ্গে থাকা এবং এখনও জাতীয় দলে অবদান রাখার সামর্থ্য রয়েছে—এমন অভিজ্ঞ খেলোয়াড়দেরও পরিকল্পনার বাইরে রাখা হবে না।”

বৈঠকে আনচেলত্তির সঙ্গে উপস্থিত ছিলেন পুরুষ দলের সাধারণ সমন্বয়ক রদ্রিগো কায়েতানো, জেনারেল ম্যানেজার সিসেরো সৌজা, টেকনিক্যাল সমন্বয়ক হুয়ান সান্তোস, ফিটনেস প্রস্তুতি সমন্বয়ক ক্রিস্তিয়ানো নুনেস, পারফরম্যান্স বিশ্লেষক ব্রুনো বাকেতে ও তোমাস আরাউজো, ফিজিওলজিস্ট গিলিয়ার্মে পাসোস এবং সাধারণ তত্ত্বাবধায়ক সার্জিও দিমাস।

বৈঠক শেষে রদ্রিগো কায়েতানো বলেন, “জাতীয় দল বিভাগের দায়িত্বে আমাদের কাজের নতুন অধ্যায় শুরু হলো। বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকাসহ সামনের প্রতিটি প্রতিযোগিতায় ব্রাজিলকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করাই আমাদের লক্ষ্য।”

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর আনচেলত্তির এই পুনর্গঠন পরিকল্পনাকে ব্রাজিল ফুটবলের নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।