ক্যাম্পাস

রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই ঘুম হারাম, বাঁচার আকুতি জানালেন আব্দুল কাদের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই ঘুম হারাম, বাঁচার আকুতি জানালেন আব্দুল কাদের
আব্দুল কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়ছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের। তবে সাম্প্রতিক একটি বক্তব্যের পর থেকেই তিনি চরম মানসিক চাপে আছেন বলে জানিয়েছেন। ‘রাজাকার’ নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে তিনি নিয়মিত ঘুমাতে পারছেন না, এমনকি নিজের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এসব লেখেন।

আব্দুল কাদের বলেন, ‘আমার ডাকসু’তে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ। সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরো বাড়তেছে। তারপর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকতে।’

আব্দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকুও বা ধৈর্য ক্ষমতা থাকে, আমি আর কতদিন নিতে পারব জানি না। কেবল অনলাইনে এই হেনস্তাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইতো, বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শুনাচ্ছেন!’

তিনি বলেন, ‘১০ দিন আগের বক্তব্য কাট করে প্রোপাগাণ্ডা না ছড়ালেও পারতেন। পুরা বক্তব্য তুলে ধরলে বক্তব্যের সারমর্ম বুঝতে পারতো মানুষ। কেবল তো শুরু, আরো ৫ দিন বাকি। ততোদিনে কি যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরো বেশি ট্রমাটাইজড হয়ে যাই।’

এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ মনোনীত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। তারা বলছে, একটি গোষ্ঠীকে সুবিধা দিতে ভোটকেন্দ্রগুলোকে শিক্ষার্থীদের সুবিধাজনক জায়গায় দেওয়া হয়নি।