ক্যাম্পাস

একযোগে ১৩ ছাত্রদল নেতা বহিষ্কার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

একযোগে ১৩ ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একটি বিজ্ঞপ্তিতে সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন, সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা। যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও আরমান হোসেন। সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ। সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম। সহআইন সম্পাদক মো. রাকিব। সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম সোহাগ।

অন্যদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে পৃথক বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।