সারাদেশ
ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল কাতারপ্রবাসী প্রকৌশলীর
দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ। তার বয়স হয়েছিল ৩৪ বছর। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারভেজ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বাংলা পাড়া এলাকার আহম্মদ নবীর ছেলে। জীবিকার তাগিদে ২০১৮ সালে কাতারে পাড়ি জমান তিনি। প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটিতে দেশে ফিরেছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে পারভেজের জ্বর শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তার অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শুক্রবার রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের স্ত্রী ও আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মৃত্যুর আগে মেয়ের দায়িত্ব স্বজনদের হাতে দিয়ে যাওয়ার আকুতি জানিয়েছিলেন তিনি।
শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে পারভেজকে দাফন করা হয়।