সারাবিশ্ব
নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ২৪
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার ২০ নভেম্বর রাজ্যের সাউদার্ন ইজাও জেলার ওইকোরোঘা ও ওতুয়ান এলাকার মধ্যবর্তী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নৌকাটি আয়ামা এলাকা থেকে উকুবিয়ের উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটির কারণে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি উল্টে যায়। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো ইজেকিয়েল শনিবার জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার প্রাথমিকভাবে পানি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুটি শিশু ছিল। সে সময় পুলিশ জানিয়েছিল, দুর্ঘটনায় ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে রাজ্যের রাজধানী ইয়েনাগোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে পুলিশ সুনির্দিষ্ট তথ্য জানায়নি। তবে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নৌকাটিতে অন্তত ৩০০ জন যাত্রী ছিলেন।
বায়েলসা রাজ্য পুলিশ কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় ডুবুরি ও অন্যান্য উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। দুর্ঘটনার পর নৌকাটির চালক পালিয়ে গেছেন। তবে নৌযানটির ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নাইজেরিয়ার ব্যস্ত নদী ও নৌপথগুলোতে অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাবিধি না মানার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
এর আগে চলতি বছরের আগস্টে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে নৌকাডুবিতে অন্তত ৫১ জনের মৃত্যু হয়। এ ছাড়া জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে রাজ্যে যাওয়ার পথে নৌকা উল্টে অন্তত ২৬ জন প্রাণ হারান।
সূত্র: আলজাজিরা