জাতীয়

পুলিশে ১৪ হাজার নতুন পদে নিয়োগের অনুমোদন, আসছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ এএম

পুলিশে ১৪ হাজার নতুন পদে নিয়োগের অনুমোদন, আসছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই) পদ রয়েছে। নতুন এসব পদ সৃষ্টির মাধ্যমে পুলিশের জনবল বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে অস্থায়ীভাবে এসব পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন পদ সৃষ্টির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এসব পদ সৃষ্টি করা হয়েছে। নিয়োগসংক্রান্ত ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ থেকে নির্বাহ করা হবে।

অনুমোদিত ৪ হাজার এসআই পদ জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত। এসব পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী পদগুলো পূরণ করা হবে।

অন্যদিকে, ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টি করা হয়েছে ১৭তম গ্রেডে। এসব পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ৪ হাজার এসআই পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। পরবর্তী সময়ে অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর সম্মতি প্রদান করে। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে।

এদিকে, কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। চলমান নিয়োগ কার্যক্রমে আগে থেকে শূন্য থাকা ২ হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।

অবশিষ্ট ৬ হাজার কনস্টেবল পদ পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নতুন সৃষ্ট ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

পুলিশ বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রমে কনস্টেবল ও এসআইরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কনস্টেবলরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত থাকেন। অন্যদিকে, এসআইরা অপরাধ তদন্ত, মামলা-সংক্রান্ত কার্যক্রম, আসামি গ্রেপ্তার এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টদের মতে, নতুন ১৪ হাজার পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলা এবং অপরাধ নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়বে। পাশাপাশি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণকে পুলিশি সেবা দেওয়ার কার্যক্রম আরও গতিশীল হবে।