সারাদেশ
টাঙ্গাইলে কলেজছাত্রকে হত্যার অভিযোগ, পুকুর থেকে লাশ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে বাউল গান শোনাকে কেন্দ্র করে কলেজছাত্র রবিউল হোসেন (১৮)-কে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
রবিউল উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। সে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া রাজিব চাঁনের বাড়ির বার্ষিক ওরস মাহফিলে বাউল গানের আয়োজন করা হয়। পরে রাত ৮টার দিকে বন্ধুদের সাথে বাউল গান শুনতে যায় রবিউল।
এরপর গান শোনার এক পর্যায়ে গেড়ামারা গোহাইলবাড়ী এলাকার কয়েকজন তরুণদের সঙ্গে ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটি হয়। তারপর থেকেই রবিউল নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি।
শনিবার দুপুরে আড়াইপাড়া নলকূপ এলাকার পাশে পুকুরে কলেজছাত্রের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে।
রবিউলের রেজাউল করিম বলেন, ভাতিজা রবিউলের বন্ধুদের মাধ্যমে শুনেছি বাউল গান শুনতে গিয়ে গেড়ামারা-গোহাইলবাড়ী এলাকার কয়েকজন তরুণদের সঙ্গে ঝগড়া হয়। তারাই হয়তো হত্যা করে পুকুরে ফেলে রেখেছে বলে দাবি করেন তিনি। পরিবারের পক্ষ থেকে ওই তরুণদের বিরুদ্ধে মামলা করা হবে।
এ ঘটনায় মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রবিউলের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।