সারাদেশ

বিয়ের স্বপ্ন নিয়ে দেশে এসে একসঙ্গে লাশ হলেন দুই ভাই, শোকে স্তব্ধ পরিবার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম

বিয়ের স্বপ্ন নিয়ে দেশে এসে একসঙ্গে লাশ হলেন দুই ভাই, শোকে স্তব্ধ পরিবার
ছবি: সংগৃহীত

পরিবারের মুখে হাসি ফোটাতে জীবনের ৩৬টি বছর কাটিয়েছেন সৌদি আরবে। নিজের কষ্টার্জিত অর্থে দুই ছেলেকে বিদেশে প্রতিষ্ঠিত করেছেন, দুই মেয়েকেও বিয়ে দিয়েছেন। ভেবেছিলেন, জীবনের বাকি সময়টা কাটবে সন্তানদের সুখ-স্বাচ্ছন্দ্য দেখে। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই তছনছ করে দিয়েছে তার সাজানো সংসার। একসঙ্গে হারিয়েছেন দুই ছেলেকে। এখন বাড়ির উঠানে দুই সন্তানের মরদেহ, আর বুকভাঙা কান্নায় বারবার প্রশ্ন করছেন, কেন এভাবে কেড়ে নেওয়া হলো তার দুই সন্তানকে।

এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গ্রামের মুহাম্মদ হারুনের (৬২) পরিবারে। গত বৃহস্পতিবার হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তার দুই ছেলে মুহাম্মদ ইফতেখারুল (৩২) ও মুহাম্মদ ইমতিয়াজ (৩০)। দুই সন্তানের মৃত্যুর খবরে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার ২০ নভেম্বর দুপুরে হারুনের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে রাখা দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে দুই ছেলের মরদেহ। কখনো এক ছেলের মরদেহের কাছে যাচ্ছেন, আবার কখনো অন্যজনের কাছে। সন্তানদের শেষবারের মতো দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। স্বজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে দুই ছেলের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর থেকে মা হামিদা বেগম বারবার সংজ্ঞা হারাচ্ছেন।

দুই ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না হারুন। পরিবারের সদস্যদের কাছে বারবার জানতে চাইছেন, কেন এমন হলো। তার কণ্ঠে এখন শুধু সন্তান হারানোর হাহাকার।

হারুন দীর্ঘ ৩৬ বছর সৌদি আরবে ছিলেন। প্রায় আট বছর আগে দেশে ফেরেন। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে ছেলেরাই ছিলেন ছোট। প্রবাসে উপার্জন করে বড় দুই মেয়েকে পড়াশোনা করিয়েছেন এবং বিয়ে দিয়েছেন। পাঁচ বছর আগে বড় ছেলে ইফতেখারুলের বিয়ে দেন। ছেলেরা বিদেশে প্রতিষ্ঠিত হওয়ায় সংসারে অভাব ছিল না। সব মিলিয়ে ভালোই কাটছিল তার দিন।

কিন্তু সেই সুখের সংসারে এখন শুধুই শোক। হারুন বলেন, জীবনের ৩৬টি বছর পরিবারের সুখ-শান্তির জন্য সৌদি আরবে কাটিয়েছেন। তিনি সফলও হয়েছিলেন। ছেলেদের মানুষ করে বিদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। মেয়েদেরও বিয়ে দিয়েছেন। অনেক আনন্দে সময় কাটছিল তার। কিন্তু মুহূর্তেই সবকিছু শেষ হয়ে গেল।

ইফতেখারুল সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী ছিলেন। তার স্ত্রী ও চার বছর বয়সী এক ছেলে এবং চার মাস বয়সী এক মেয়ে রয়েছে। অন্যদিকে ইমতিয়াজ থাকতেন ওমানে। প্রায় তিন মাস আগে বিয়ের উদ্দেশ্যে দেশে এসেছিলেন তিনি। পরিবারের সদস্যরা তার জন্য পাত্রীও খুঁজছিলেন। নতুন সংসার শুরুর আগেই থেমে গেল তার সব স্বপ্ন।

দুই ভাইয়ের সম্পর্ক ছিল বন্ধুর মতো। একসঙ্গে ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া কিংবা ছুটিতে দেশে আসা, সবকিছুতেই তারা ছিলেন একে অপরের সঙ্গী। এবারও বিদেশ থেকে একসঙ্গেই ছুটিতে এসেছিলেন তারা। অথচ সেই ছুটি শেষে আর বিদেশে ফেরা হলো না দুই ভাইয়ের।

শুক্রবার বংশাল গ্রামের মসজিদসংলগ্ন কবরস্থানে দুই ভাইয়ের জন্য পাশাপাশি দুটি কবর খোঁড়া হয়। গ্রামের ২০ থেকে ৩০ জন মানুষ কবর খোঁড়ার কাজে অংশ নেন। দুই ভাইয়ের জন্য একই সময়ে পাশাপাশি কবর খোঁড়ার দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারেননি অনেকে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামে একই পরিবারের দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যু ও পাশাপাশি দাফনের এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

দুই ভাইয়ের মামা মুহাম্মদ বাবুল ও মুহাম্মদ মাহিম ওমানে থাকেন। ভাগনেদের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে একটি ফ্লাইটে দেশে আসেন তারা। তাদের আসার অপেক্ষায় দুই ভাইয়ের মরদেহ ফ্রিজার অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল। বাড়িতে পৌঁছে ভাগনেদের মরদেহ দেখে তারাও সংজ্ঞা হারান। পরে স্বজনেরা তাদের শুশ্রূষা করেন।

শুক্রবার বেলা ৩টার দিকে স্থানীয় মসজিদ মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

শেষবারের মতো বন্ধুকে বিদায় জানাতে জানাজায় উপস্থিত ছিলেন ইফতেখারুলের বন্ধু মুহাম্মদ পারভেজ। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, চলতি মাসের শেষেই তারা একসঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হলো না। ইফতেখারুল তার কাছে শুধু বন্ধু ছিলেন না, ছিলেন ভাইয়ের মতো।

নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোট তিনজন নিহত হয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।