জাতীয়
সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি জনগণের আস্থা ও পেশাদারিত্ব: রাষ্ট্রপতি
সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব এবং জনগণের আস্থার মধ্যে নিহিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে, নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন-এটাই জাতির প্রত্যাশা।
২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ উপলক্ষে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনী শত্রুর বিরুদ্ধে সম্মিলিতভাবে অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের পথকে আরও ত্বরান্বিত করেছিল। সশস্ত্র বাহিনীর সেই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে অনুপ্রাণিত করে।
বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, এই গৌরবময় দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেন। বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
তিনি বলেন, ধারাবাহিক এসব উদ্যোগের ফলে সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা হুমকি ও ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা, প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ও মর্যাদা উজ্জ্বল করছেন।
পরিশেষে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাহিনীর সব সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।