সারাদেশ

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে অবস্থিত তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেলে করে ৫ থেকে ৬ জনের একটি দল শাহরিয়ার আলমের বাড়ির সামনে আসে। পরে তারা বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যেই বাড়ির একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় বাসিন্দারা চিৎকার করে আশপাশের লোকজনকে জড়ো করেন। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে। ভিডিওটি ঘিরে স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

তবে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে ভিন্ন তথ্য জানিয়েছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক। তিনি বলেন, কয়েকজন যুবক বাড়িতে প্রবেশ করে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁদের বাধা দেন। ফলে তাঁরা সীমানাপ্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বাড়ির গেটে আগুন দেওয়া হলে স্থানীয় বাসিন্দারা দ্রুত তা নিভিয়ে ফেলেন।

এ ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে অগ্নিসংযোগের ঘটনায় বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।