সারাদেশ

ঝালকাঠিতে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, হেলপার নিহতসহ আহত ৪৫


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

ঝালকাঠিতে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, হেলপার নিহতসহ আহত ৪৫
ছবি: সংগৃহীত

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ৪৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং মহাসড়কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকাগামী গ্রিনভিউ পরিবহনের একটি বাস দপদপিয়া চৌমাথা এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে বরিশাল থেকে কুয়াকাটাগামী আবির আব্দুল্লাহ পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এতে ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের এক হেলপার নিহত হন। পাশাপাশি দুই বাসে থাকা অন্তত ৪৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা আহত যাত্রীদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।

নিহত বাস হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কী কারণে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা-ও জানা যায়নি। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪০ থেকে ৪৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বরিশালের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।