রাজনীতি

পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মেটেনি : রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মেটেনি : রিজভী
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তের নেশা এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি গোষ্ঠীকে দিয়ে নাশকতা ও জ্বালাও-পোড়াওয়ের কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, 'পঞ্চম বাহিনী'র বিরুদ্ধে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই 'পঞ্চম বাহিনী' কারা, তা দেশের মানুষ ভালো করেই জানে। তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। তাদের সর্বনাশা ষড়যন্ত্রের কাঠামো ভেঙে দিতে হবে, যাতে তারা আর দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে একটি গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড আর কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে এসব ঘটনার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। 'পঞ্চম বাহিনী'র সদস্যদের চিহ্নিত করে একে একে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, তাঁর রক্তের নেশা এখনো মেটেনি। বাংলাদেশের কিছু টোকাইকে ব্যবহার করে জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় শেখ হাসিনাকে 'রক্তপিপাসু নেকড়ে' আখ্যা দিয়ে তাঁর কথিত ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।