জাতীয়
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় স্লোভেনিয়া
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সংসদীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ জানিয়েছে দেশটি। বিশেষ করে মুক্ত বাণিজ্য চুক্তি, জ্বালানি খাতে বিনিয়োগ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়সহ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে স্লোভেনিয়া সরকারের আগ্রহের কথা তুলে ধরেন।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশ ঘটে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির যুগোস্লাভিয়া সফরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মার্শাল টিটো আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ঐতিহাসিকভাবেই দুই দেশের সম্পর্কের একটি ভিত্তি রয়েছে।
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পরও এ অঞ্চলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ নানা বাধার মুখে পড়ে। বিভিন্ন সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করে জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখে। পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ওই শাসনের অবসান ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, বাংলাদেশের ইতিহাসে এ নির্বাচন সর্বাধিক গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে।
অন্যদিকে, স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে স্লোভেনিয়া সরকারের আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের পারস্পরিক সফর বিনিময় এবং রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাবনা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
এ সময় বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে স্পিকার দেশের উপকূলীয় অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রমে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, স্লোভেনিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশের জ্বালানি খাতসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে এগিয়ে আসবেন।
সাক্ষাৎকালে স্লোভেনিয়ার দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।