রাজধানী

খাল দখল ও দূষণ রোধে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান আবদুস সালামের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

খাল দখল ও দূষণ রোধে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান আবদুস সালামের
ছবি: সংগৃহীত

রাজধানীর জলাবদ্ধতা নিরসন এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে খালগুলো যাতে পুনরায় দখল না হয় এবং কেউ সেখানে পলিথিন ও আবর্জনা ফেলতে না পারে, সে বিষয়ে এলাকাবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বুধবার রাজধানীর ডগাইর-বামৈল এলাকায় ৯ দশমিক ২৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। এ কার্যক্রমের আওতায় খাল থেকে প্রায় ৪৪ হাজার ঘনমিটার পলি, স্লাজ ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হবে।

আবদুস সালাম বলেন, খাল দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খালে কেউ যাতে পলিথিন, ময়লা-আবর্জনা কিংবা অন্য কোনো বর্জ্য ফেলতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। কারণ, খালের আশপাশে বসবাসকারী মানুষই জলাবদ্ধতা ও দূষণের কারণে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

তিনি আরও বলেন, কোনাপাড়া, গলাকাঁটা খালসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন। বর্ষা মৌসুমে পানি জমে থাকাসহ নানা কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতেই খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা এলাকার মানুষের দুর্ভোগ থেকে মুক্তি দিতে চাই। এ জন্য খালটি পরিষ্কার ও পুনঃখনন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে খালের দুই পাশ বাঁধাই করে সেখানে ওয়াকওয়ে নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে খালের পরিবেশ উন্নয়নের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চলাচল ও হাঁটাচলার সুযোগ তৈরি হবে। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি খালের স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখা, অবৈধ দখল প্রতিরোধ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি খাল রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।